ভারতের হিমাচল প্রদেশে বিপন্ন প্রজাতির প্রাণী তুষার চিতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজ্য সরকারের বন বিভাগের পরিচালিত এক নতুন জরিপ অনুযায়ী, এই রাজ্যে বর্তমানে ৮৩টি তুষার চিতা রয়েছে। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বন বিভাগের তথ্য অনুসারে, ২০২১ সালে পরিচালিত জরিপে হিমাচলে ৫১টি তুষার চিতার সন্ধান পাওয়া গিয়েছিল। সে হিসাবে গত চার বছরে প্রাণীটির সংখ্যা ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা সংরক্ষণ প্রচেষ্টার একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। প্রায় এক বছর ধরে শক্তিশালী ওয়াইল্ডলাইফ ক্যামেরা ব্যবহার করে এই জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়।
হিমালয়ের পার্বত্য অঞ্চলে অবস্থানের কারণে ভারত, নেপাল, চীন, পাকিস্তান ও মঙ্গোলিয়ার মতো কয়েকটি দেশেই কেবল তুষার চিতার দেখা মেলে। দুর্গম ও উঁচু পাহাড়ি এলাকায় বসবাসের কারণে এদের দেখা পাওয়া অত্যন্ত বিরল।
বড় বিড়াল প্রজাতির এই প্রাণীটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৪০০ থেকে ৯,৪০০ ফুট উচ্চতার তুষারাবৃত অঞ্চলে বসবাসের জন্য বিশেষভাবে অভিযোজিত। হিমাচল প্রদেশে এদের বিচরণের জন্য কিব্বের ওয়াইল্ডলাইফ স্যাংকচুয়ারি এবং গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কসহ মোট চারটি সংরক্ষিত অভয়ারণ্য রয়েছে।

