খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিরতায় ইন্ধন দেওয়ার যে অভিযোগ বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তুলেছিলেন, তা প্রত্যাখ্যান করেছে ভারত। শুক্রবার (৩ অক্টোবর) নয়াদিল্লিতে এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে নাকচ করে দেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দিকে ব্যর্থতার দায় চাপানোর অভ্যাসের অভিযোগ তুলে জসওয়াল বলেন, “আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও শাসন বজায় রাখতে পারছে না। আর এ সরকারের একটি অভ্যাস আছে তাদের ব্যর্থতার দায় অন্যদিকে সরিয়ে দেয়।”
একই সঙ্গে তিনি পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের ওপর কথিত উগ্রবাদীদের হামলা ও ভূমি দখলের বিষয়ে তদন্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। ভারতীয় এই কূটনীতিক বলেন, “আমি ঢাকাকে বলব নিজেদের আত্মদর্শন করুন এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের সংখ্যালঘুদের ওপর উগ্রবাদীদের হামলা ও তাদের জমি দখলের ঘটনা গুরুতরভাবে তদন্ত করুন।”
উল্লেখ্য, গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম খাগড়াছড়ির অস্থিতিশীল পরিস্থিতির জন্য ভারত বা ‘ফ্যাসিস্টদের’ ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছিলেন। মূলত, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে দাঙ্গার সূত্রপাত হয়, যাতে শতাধিক ঘরবাড়ি ও দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যদিও পরবর্তীকালে মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

