সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা আরও একবার অধরা রইলো বাংলাদেশের। নাটকীয়ভাবে শেষ মুহূর্তে ম্যাচে সমতা ফিরিয়েও টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি গোলাম রব্বানীর শিষ্যরা। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ২-২ গোলে অমীমাংসিত থাকা ম্যাচটি পেনাল্টি শুটআউটে ৪-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা পাঁচ মিনিটের শেষ মিনিটেও ভারত যখন ২-১ গোলে এগিয়ে, তখন সাব্বির ইসলামের লম্বা থ্রো-ইন থেকে দুর্দান্ত এক শটে বাংলাদেশকে সমতায় ফেরান ইহসান হাবিব। তার এই গোলে নতুন করে শিরোপার স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। তবে সেই আশা শেষ পর্যন্ত হতাশায় পরিণত হয়।
বয়সভিত্তিক সাফে এ নিয়ে টানা চতুর্থবার ফাইনালে ভারতের কাছে হারলো বাংলাদেশ। গত বছরও এই প্রতিযোগিতার ফাইনালে ভারতের কাছেই হেরেছিল লাল-সবুজের দল। এছাড়া গত মে মাসে অরুণাচলে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলের ফাইনালেও টাইব্রেকারে ভারতের কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ।
বুধবারের ফাইনালে শুরুতেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ম্যাচের চতুর্থ মিনিটেই দালামুয়োন গাত্তির গোলে লিড নেয় ভারত। তবে ২৫ মিনিটে নাজমুলের কর্নার থেকে মোহাম্মদ মানিকের হেডে সমতায় ফেরে বাংলাদেশ। কিন্তু এই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৮ মিনিটে প্রতিপক্ষের একটি শট গোলকিপার আলিফ রহমান প্রতিহত করলেও বল বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে আজলান শাহ গোল করে ভারতকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়ায় এবং একাধিক গোলের সুযোগ তৈরি করে। তবে ৫১ মিনিটে নাজমুলের শট পোস্টে লেগে ফিরে আসে এবং ৫৫ মিনিটে সাব্বির ইসলামের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত ইহসানের গোলে ম্যাচ টাইব্রেকারে গড়ালেও সেখানে খেই হারায় দল। প্রথম শট নিতে এসে ইকরামুল ইসলাম ক্রসবারে মারেন এবং দ্বিতীয় শটে আজম খানের দুর্বল প্রচেষ্টা ভারতের গোলকিপার রুখে দিলে বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায়।

