ব্যালন ডি’অর পুরস্কারের বিস্তারিত ভোটসংখ্যা প্রকাশ করেছে আয়োজক সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। প্রকাশিত তথ্য অনুযায়ী, পুরস্কারজয়ী পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে মোট ১ হাজার ৩৮০ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান অর্জন করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল পেয়েছেন ১ হাজার ৫৯ পয়েন্ট। দুজনের মধ্যে পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ৩২১।

ছেলেদের বিভাগে শুধুমাত্র শীর্ষ দুই খেলোয়াড়ই এক হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করতে পেরেছেন। তৃতীয় স্থানে থাকা পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়ার প্রাপ্ত পয়েন্ট ৭০৩। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ (৬৫৭ পয়েন্ট) এবং বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া (৬২০ পয়েন্ট)।

এ বছরের ব্যালন ডি’অরের শীর্ষ দশের তালিকায় পিএসজির খেলোয়াড়দের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। দেম্বেলে ও ভিতিনিয়া ছাড়াও এই তালিকায় ছিলেন আশরাফ হাকিমি (ষষ্ঠ, ৪৮৪ পয়েন্ট), জিয়ানলুইজি দোন্নারুম্মা (নবম, ১৭২ পয়েন্ট) এবং নুনো মেন্দেজ (দশম, ১৭১ পয়েন্ট)। গত মৌসুমে পিএসজির ‘ট্রেবল’ জয়ে দেম্বেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ক্লাবটির হয়ে তিনি ৫৩ ম্যাচে ৩৫টি গোল করার পাশাপাশি ১৬টি গোলে সহায়তা করেন।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে পরিবর্তিত নিয়ম অনুযায়ী ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের একজন করে সাংবাদিক ব্যালন ডি’অরের জন্য ভোট দেওয়ার সুযোগ পান। প্রত্যেক সাংবাদিক তার পছন্দের শীর্ষ দশ খেলোয়াড়কে ভোট দেন, যেখানে প্রথম পছন্দের খেলোয়াড় ১৫ পয়েন্ট এবং ক্রমানুসারে বাকিরা ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট করে পেয়ে থাকেন। এই পুরস্কারের জন্য ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ১৩ জুলাই পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে।

Share.
Exit mobile version