ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাব নিয়ে সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের অভ্যন্তরীণ পরামর্শ অব্যাহত রেখেছে এবং এ বিষয়ে চূড়ান্ত জবাব দিতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, “হামাস ট্রাম্পের প্রস্তাব নিয়ে এখনো পরামর্শ করছে এবং মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে পরামর্শ চলমান থাকায় এর জন্য সময় প্রয়োজন।” এর আগে গত মঙ্গলবার ট্রাম্প তিন থেকে চারদিনের মধ্যে হামাসকে তার প্রস্তাবের জবাব দেওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছিলেন।

যুদ্ধবিরতির এই প্রস্তাবকে হামাস উদ্বেগের বিষয় হিসেবে দেখছে। শুক্রবার এক বিবৃতিতে গোষ্ঠীটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল বলেছেন, “ট্রাম্পের প্রস্তাবটি উদ্বেগের বিষয়। আমরা এ নিয়ে আমাদের অবস্থান শিগগিরই জানাব। আমরা মধ্যস্থতাকারী ও আরব দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা যুদ্ধবিরতিতে পৌঁছাতে সিরিয়াস।”

বিশ্লেষকদের মতে, প্রস্তাবটির কয়েকটি শর্ত হামাসের জন্য আত্মসমর্পণের শামিল। এতে ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়া এবং হামাসকে নিরস্ত্র করার কথা বলা হয়েছে। এর বিপরীতে ইসরায়েলি সেনাদের তাৎক্ষণিকভাবে গাজা থেকে প্রত্যাহারের কোনো বিষয় উল্লেখ নেই, বরং ধীরে ধীরে সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে।

গত সোমবার ট্রাম্প ২০ দফার এই প্রস্তাবটি ঘোষণা করেন। এতে যুদ্ধবিরতি কার্যকর হলে ট্রাম্পের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে গাজার শাসনভার তুলে দেওয়ার কথাও রয়েছে। যদিও প্রস্তাবটি ঘোষণার পর আরব দেশগুলো এটিকে স্বাগত জানিয়েছিল, তবে পরবর্তীতে জানা যায় যে আরব নেতাদের কাছে উপস্থাপিত খসড়া থেকে চূড়ান্ত ঘোষণায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কৌশলগত পরিবর্তন এনেছেন।

Share.
Exit mobile version