ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান দ্রুত গুটিয়ে আনতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ দীর্ঘায়িত না করে দ্রুত সমাপ্তির দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি—এমনটাই জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি বন্ধ থাকলেও যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত থেকে সরে আসতে চান না ট্রাম্প। সম্প্রতি সহযোগীদের সঙ্গে আলোচনায় তিনি এই অবস্থান স্পষ্ট করেছেন বলে প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে।
এর আগে কয়েকদিন ধরে ট্রাম্প হুমকি দিয়ে আসছিলেন—ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে দেশটির বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা চালানো হতে পারে। তবে সেই অবস্থান থেকে কিছুটা সরে এসে এখন তিনি যুদ্ধ দ্রুত শেষ করার কৌশলকেই অগ্রাধিকার দিচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, জোর করে হরমুজ প্রণালি খোলার চেষ্টা চালালে সংঘাত নির্ধারিত সময়সীমা—চার থেকে ছয় সপ্তাহ—পেরিয়ে যেতে পারে। ইতোমধ্যে যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়িয়েছে, ফলে সময়সীমা অতিক্রমের ঝুঁকি তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন আপাতত ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করে সংঘাতের ইতি টানার পরিকল্পনা করছে। পাশাপাশি বাণিজ্যপথ সচল রাখতে কূটনৈতিক চাপ অব্যাহত রাখার কৌশলও নেওয়া হচ্ছে।
কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইউরোপ ও উপসাগরীয় মিত্রদের সহায়তা নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। প্রয়োজনে হরমুজ প্রণালি পুনরায় খুলতে মিত্র দেশগুলোর অংশগ্রহণে ভবিষ্যতে আলাদা উদ্যোগ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে প্রতিবেদনটি।

