ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এয়ার অ্যাম্বুলেন্সে করে সোমবার দুপুরে তাকে সেখানে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে নেওয়ার সব ধরনের ব্যবস্থা হয়েছে বলে জানানো হয়।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে ওসমান হাদির ভাই ওমর বিন হাদিসহ উপদেষ্টা ও চিকিৎসকদের মধ্যে জরুরি কনফারেন্স কলের পর এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে প্রধান উপদেষ্টার দপ্তরের ফেইসবুক পোস্টে জানানো হয়।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শুক্রবার থেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে মাথায় গুলিবিদ্ধ হাদি।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন, “ইনকিলাব মঞ্চের ভাই-বোনেরা এবং তার পরিবার ধার করে আধা কোটি টাকায় এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে। এক্ষেত্রে তারা সরকারের কোনো সহায়তা এখনো নেয়নি।”
রাত ১০টার দিকে প্রধান উপদেষ্টার দপ্তরের ফেইসবুক পোস্টে বলা হয়, “ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।”
প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
জুলাই আন্দোলনের সোচ্চার নেতাদের একজন হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন। শুক্রবার জুমার নামাজে একটি মসজিদে প্রচারণার পর অটোরিকশায় করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। চলন্ত মোটরসাইকেল থেকে তার মাথায় একটি গুলি করা হয়।
দ্রুত তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর অবস্থায় সেখান থেকে রাতে তাকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

