ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের যাত্রীরা। শুক্রবার ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, নৌযান ও আরোহীদের আটকের প্রতিবাদেই এই অনশন কর্মসূচি। আটক হওয়া প্রথম দিন, অর্থাৎ বুধবারই তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
ফিলিস্তিনের গাজাবাসীর জন্য খাদ্য ও ওষুধবাহী ৪৩টি নৌযানের এই বহরটি গত ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করে। গাজার জলসীমার কাছে পৌঁছানোর পর বুধবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত পর্যায়ক্রমে নৌযানগুলো আটক করে ইসরায়েলি বাহিনী এবং ক্রুসহ যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যায়।
এই মিশনে সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের প্রায় ৫০০ নাগরিক অংশ নিয়েছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন দেশের আইনজীবী, সংসদ সদস্য, রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবীরাও ছিলেন।

