ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব মেনে নিতে আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে প্রস্তাবটি না মানলে হামাসের ওপর ‘নরক নেমে আসবে’ বলেও হুমকি দিয়েছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই আল্টিমেটাম দেন। সেখানে তিনি গাজার সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বললেও কোনো নির্দিষ্ট স্থানের কথা উল্লেখ করেননি।
এর আগে গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে ২০ দফার এই প্রস্তাবটি ঘোষণা করেছিলেন ট্রাম্প। প্রস্তাবের অন্যতম শর্ত হিসেবে হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়া এবং নিজেদের সব অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছে।
আল জাজিরার তথ্য অনুযায়ী, ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করার ইঙ্গিত দিয়েছেন হামাসের সশস্ত্র শাখার প্রধান ইজ আল-দ্বীন হাদ্দাদ। তবে কাতারে অবস্থানরত হামাসের রাজনৈতিক নেতারা শর্তসাপেক্ষে এই চুক্তি পর্যালোচনায় আগ্রহ দেখিয়েছেন।

