সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পৃথক পৃথক বার্তায় তারা এ শোক জানান। একই সাথে বিশ্বের বিভিন্ন দেশের মতো শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাসও।
নরেন্দ্র মোদি মঙ্গলবার সকাল ১০টা ১৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।
পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। সৃষ্টিকর্তা তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।’
তিনি লেখেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।’
নরেন্দ্র মোদি আরও লিখেছেন, ‘ঢাকায় ২০১৫ সালে তাঁর সঙ্গে আমার সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। তাঁর দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে বলে আমরা আশা করি। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
পাকিস্তানের শোক
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শাহবাজ শরিফ তার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নে তার আজীবনের সেবা এক চিরস্থায়ী উত্তরাধিকার রেখে যাচ্ছে।’
যুক্তরাষ্ট্রের শোক
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক্স হ্যান্ডলে এই শোক জানানো হয়েছে।
শোকবার্তায় বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করেছে।’

