বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের জনপ্রিয় মডেল অ্যাটো ৩-এর নতুন সংস্করণ নিয়ে এসেছে নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ শোরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটি উন্মোচন করা হয়। নতুন এই সংস্করণে বাহ্যিক ডিজাইন ও ভেতরের ফিচারে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
বিওয়াইডি জানিয়েছে, ডিসি ফাস্ট চার্জার ব্যবহার করে গাড়িটির লিথিয়াম আয়ন ফসফেট ব্লেড ব্যাটারি মাত্র ৩০ মিনিটে ৩০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। গাড়িটি দুটি ভিন্ন সংস্করণে পাওয়া যাচ্ছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড রেঞ্জ সংস্করণটি একবার সম্পূর্ণ চার্জে ৩৪৫ কিলোমিটার এবং এক্সটেন্ডেড রেঞ্জ সংস্করণটি ৪২০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম।
গাড়িটির নতুন সংস্করণে ইন্টেরিয়রে পরিবর্তন হিসেবে যুক্ত হয়েছে রি-ডিজাইন করা প্রিমিয়াম থমাস ব্ল্যাক ইন্টেরিয়র এবং ভেন্টিলেটেড ফ্রন্ট সিট। বাহ্যিক ডিজাইনে নতুন কালো রঙের হেডলাইট এবং ১৮ ইঞ্চি টায়ারের সঙ্গে বোল্ড রিম ডিজাইন এটিকে আরও স্পোর্টি লুক দিয়েছে। নিরাপত্তার জন্য এতে রয়েছে ৭টি এয়ারব্যাগ এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস)। গাড়িটি ইউরো এনসিএপি ৫-স্টার সেফটি রেটিং পেয়েছে।
অনুষ্ঠানে সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘সারা পৃথিবীতে বৈদ্যুতিক গাড়ির প্রসার ঘটছে। ভবিষ্যতের কথা বিবেচনা করে বাংলাদেশে আমরা বৈদ্যুতিক গাড়ি চলাচলের জন্য কাজ করছি।’
স্ট্যান্ডার্ড রেঞ্জ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ লাখ ৯০ হাজার টাকা এবং এক্সটেন্ডেড রেঞ্জ সংস্করণের দাম ৫৫ লাখ ৯০ হাজার টাকা। ক্রেতারা ট্র্যাকশন ব্যাটারি, মোটর ও মোটর কন্ট্রোলারের জন্য আট বছর এবং পুরো গাড়ির জন্য ছয় বছরের ওয়ারেন্টি পাবেন।
ক্রেতাদের নতুন মডেলটি পরখ করে দেখার সুযোগ দিতে ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ‘অ্যাটো ৩ উইক’ আয়োজন করবে বিওয়াইডি বাংলাদেশ। আগ্রহীরা নির্দিষ্ট ওয়েবসাইটে নিবন্ধন করে গাড়িটি টেস্ট ড্রাইভ করতে পারবেন।

