বাংলাদেশের বাজারে গেমিংপ্রেমীদের জন্য ‘জিটি ৩০’ মডেলের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে ইনফিনিক্স। শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ৫জি প্রসেসরে চালিত এই ফোনে ৮ গিগাবাইট র্যাম রয়েছে এবং এর দাম নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৯৯৯ টাকা।
ফোনটিতে উন্নত গ্রাফিকসে গেম খেলা এবং ভিডিও দেখার অভিজ্ঞতা দিতে ব্যবহার করা হয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের ১.৫কে অ্যামোলেড পর্দা। ৬ দশমিক ৭৮ ইঞ্চি আকারের এই পর্দার সর্বোচ্চ উজ্জ্বলতা ৪ হাজার ৫০০ নিট। দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করতে এতে ৫ হাজার ৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারির সঙ্গে দ্রুত চার্জ করার সুবিধা রয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনফিনিক্স জানিয়েছে, ইস্পোর্টস গেমে বাড়তি সুবিধা দেওয়ার জন্য এতে ডুয়াল ক্যাপাসিটিভ শোল্ডার ট্রিগার যুক্ত করা হয়েছে। ২৫টির বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ফোনটির পারফরম্যান্স আরও উন্নত করা হয়েছে। দীর্ঘক্ষণ ব্যবহারের সময় ফোনটি ঠান্ডা রাখতে এতে ৩ডিভিসিসি কুলিং সিস্টেম রয়েছে। চারটি ভিন্ন রঙে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে।

