দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হচ্ছে, তবে ছুটির মেয়াদে বড় ধরনের ভিন্নতা রয়েছে। একদিকে স্কুল ও কলেজগুলো সাপ্তাহিক বন্ধসহ ১২ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছে, অন্যদিকে মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকছে মাত্র দুই দিন। বৃহস্পতিবারই (২৫ সেপ্টেম্বর) ছিল ছুটির আগে শেষ ক্লাস।
শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপঞ্জি অনুসারে, দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ছুটি চলবে। এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা মোট ১২ দিনের ছুটি পাচ্ছে। আগামী ৮ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু হবে।
অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটি শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর থেকে। তাদের ছুটি শেষে ক্লাস শুরু হবে ৭ অক্টোবর।
তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চিত্র ভিন্ন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে ছুটি থাকবে কেবল ১ ও ২ অক্টোবর। এর পর ৩ ও ৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে ৫ অক্টোবর থেকে।

