ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে এক কোটি টাকা দিচ্ছে সরকার।
ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেওয়া হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপস্থাপন করা এ–বিষয়ক নথিপত্র মঙ্গলবার অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান হিসেবে এক কোটি টাকা দেওয়া হচ্ছে। আজ আমি এ–বিষয়ক ফাইল অনুমোদন করেছি।’
সরকারি অনুদানের টাকায় কেনা ফ্ল্যাট কারা ব্যবহার করবেন, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, তাঁর স্ত্রী–সন্তান ব্যবহার করবেন।
অর্থ বিভাগের সূত্রগুলো জানায়, শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ শরিফ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দিয়ে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।
এদিকে শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। শরিফ ওসমান বিন হাদি মারা যাওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, রাষ্ট্র তাঁর স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। তাঁর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়।
শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে ১৫ জানুয়ারি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী।
গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর দুদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুর খবর আসে।

