সুদানের আবেই শহরে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে হামলায় ছয়জন বাংলাদেশি সেনাসদস্য নিহত হয়েছেন।
এতে আরও আটজন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার রাতে আইএসপিআর জানায়, দেশটির আবেই শহরে যুদ্ধ চলমান রয়েছে।
এখন পর্যন্ত নিহত ও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে হাসপাতাল সূত্রের বরাতে বলা হয়েছে, দেশটির কাদুগলি এলাকায় জাতিসংঘের ভবনে ড্রোন দিয়ে হামলা চালানো হয়।
এ হামলার জন্য আরএসএফকে দায়ী করে সুদান সরকার নিন্দা জানিয়েছে।
এ ঘটনার বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, এ খবর পাওয়ার পর আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে ইতিমধ্যেই জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এই দুঃসময়ে সরকার শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে।
একই সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিবৃতিতে বলেছেন, নিহত শান্তিরক্ষীদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাবে।
সুদানে কয়েক বছর ধরে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত রয়েছেন বাংলাদেশের সেনাসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।
আফ্রিকার দেশটিতে গত দুই বছর ধরে সরকারের সঙ্গে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ ) নামের সশস্ত্র একটি গোষ্ঠী লড়াই চালিয়ে যাচ্ছে। দেশটির বিভিন্ন অংশে প্রায়ই সশস্ত্র হামলা ও পাল্টা হামলায় হতাহতের খবর আসছে।

