মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবারই একটি আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।
প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু বর্তমানে এমন এক অবস্থায় রয়েছেন যেখানে তাকে হয় যুদ্ধবিরতি মেনে নিতে হবে, নয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য সংঘাতে যেতে হবে। ট্রাম্পের শাসনামলে এই প্রথম দুই নেতার মধ্যে এমন দূরত্বের ইঙ্গিত পাওয়া গেল।
এর আগে গতকাল নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফের দুই ঘণ্টাব্যাপী একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্যমতে, ওই বৈঠকের পর দুই দেশের মধ্যকার মতপার্থক্য অনেকটাই কমে এসেছে।
অন্যদিকে, সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে তিনি ‘খুবই আত্মবিশ্বাসী’। যদিও নেতানিয়াহু এখন পর্যন্ত এই চুক্তির বিষয়ে প্রকাশ্যে কোনো স্পষ্ট অবস্থান জানাননি।

