ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক কিশোরকে আটক করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডাকসুর সমাজসেবা সম্পাদকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযানটি বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে শুরু হয়। এ সময় আটক ১৫ বছর বয়সী ওই কিশোরের কাছ থেকে ইয়াবা ছাড়াও ধারালো ছুরি, ব্লেড ও কাঁচি জব্দ করা হয়। পরে তাকে জব্দকৃত আলামতসহ শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের) জানান, ক্যাম্পাসকে মাদকাসক্ত, ভবঘুরে ও বহিরাগতদের থেকে মুক্ত করতে ডাকসু, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং এস্টেট অফিসের সমন্বয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “এটি একটি সাময়িক অভিযান। আমরা একটি দীর্ঘস্থায়ী সমাধানের জন্য কাজ করছি। ক্যাম্পাসে যেন শিক্ষার্থীদের জন্য হুমকিস্বরূপ কেউ প্রবেশ করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তা সময়সাপেক্ষ হওয়ায়, শিক্ষার্থীরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে লক্ষ্যেই এই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে।”

Share.
Exit mobile version