দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা ১২ দিনের জন্য স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর জানিয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পূর্বনির্ধারিত সকল পরীক্ষা স্থগিত থাকবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে। এই স্থগিতাদেশ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট এবং এর অধিভুক্ত ও উপাদানকল্প কলেজগুলোর জন্যেও প্রযোজ্য হবে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

