যেকোনো ব্র্যান্ডের ব্যবহৃত স্মার্টফোন জমা দিয়ে বিশেষ মূল্যছাড়ে অনার ব্র্যান্ডের নতুন ফোন কেনার সুবিধা চালু করেছে অনার বাংলাদেশ। ‘এক্সচেঞ্জ প্রোগ্রাম’ শীর্ষক এই উদ্যোগের আওতায় গ্রাহকের পুরোনো ফোনের নির্ধারিত বাজারমূল্য নতুন ফোনের দাম থেকে বাদ দেওয়া হবে, যার ফলে সাশ্রয়ী মূল্যে অনারের নতুন স্মার্টফোন কেনা সম্ভব হবে। রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পুরোনো ফোনের স্বচ্ছ ও সঠিক বাজারদর নির্ধারণে ‘ফ্লিপার’ নামের একটি ডিভাইস মূল্যায়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে অনার। এই চুক্তির আওতায় সারা দেশে থাকা অনার ব্র্যান্ড স্টোরের কর্মীরা ফ্লিপারের মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে গ্রাহকের পুরোনো ফোনের মূল্য নির্ধারণ করবেন।

অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল বলেন, “সাধারণত স্মার্টফোন বদলানোর পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য। আর আমাদের এই এক্সচেঞ্জ অফার সেই বাধা দূর করবে। ক্রেতাদের আরও বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে আমরা যেকোনো ব্র্যান্ডের স্মার্টফোন গ্রহণ করছি। ক্রেতাদের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সুবিধা শুধু দেশের বিভিন্ন প্রান্তে থাকা অনার ব্র্যান্ড স্টোরগুলো থেকেই পাওয়া যাবে।

Share.
Exit mobile version