দেশে ফেরার দুদিন পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অফিস শুরু করলেন তারেক রহমান।
এই কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসা এই প্রথম।
রোববার দুপুর ১টা ৪০ মিনিটে তারেক রহমানের গাড়ি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। তিনি গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়ি থেকে অফিসে আসেন।
তারেক রহমান কার্যালয়ে এসে পৌঁছনোর পর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।
এ সময়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তারাসহ বগুড়ার জেলার নেতারা উপস্থিত ছিলেন।
সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়পর্ব শেষ করে দোতলায় নিজের চেম্বারে গিয়ে বসেন তারেক রহমান।
তারেক রহমানের চেম্বার থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে প্রথম অফিস করলেন। আমরা উনার সাথে নির্বাচনের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেছি। এটা আমাদের কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না।
নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলাদা চেম্বার রয়েছে।
এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার ঢাকায় ফেরেন তারেক রহমান।

