জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
জারার পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
তিনি বলেন, “তাসনিম জারা একক সিদ্ধান্তে পদত্যাগ করেছেন। এ বিষয়ে উনার বক্তব্য আমার কাছে নেই।”
এদিকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তাসনিম জারা।
সংসদ নির্বাচন সামনে রেখে গত ১০ ডিসেম্বর ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। এর মধ্যে ঢাকা-৯ আসনের প্রার্থী হিসেবে তাসনিম জারার নাম ছিল। সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে ঢাকা-৯ আসন গঠিত।
ফেইসবুক পোস্টে তাসনিম জারা বলেন,“কিছুদিন আগে নির্বাচনি ফান্ডরেইজিংয়ের সময় আপনারা অনেকে ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে (স্বতন্ত্র হিসেবে লড়াই করা) যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা। যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন তারা অর্থ ফেরত পেতে নিচে দেয়া এই ফর্মটি পূরণ করুন (https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA)।”
তিনি আরো লেখেন, “আপনাদের ট্রাঞ্জাকশন আইডি ও ডিটেইলস ভেরিফাই করার পরে অর্থ ফেরত দেওয়া হবে। আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলেন, তাদেরকে শিগগিরই জানাব, কী প্রক্রিয়ায় আপনাদের অর্থ ফেরত দেওয়া হবে।”

