দেড় বছর আগে দেশের এক বিশেষ মুহূর্তে অন্তর্বর্তীকালের জন্য সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস, নির্বাচনে নতুন সরকার গঠনের মধ্য দিয়ে তার সেই কর্তব্য পালন শেষ হয়েছে। এখন নিজের পুরোনো অঙ্গনে ফিরে গেলেন তিনি।
সরকারপ্রধানের দায়িত্ব হস্তান্তরের চার দিন পর রোববার ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে ইউনূস সেন্টারের কাজে ফেরেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন পুরোনো সহকর্মীরা।
নোবেলবিজয়ী অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবসার দর্শন প্রচার ও প্রসারে আন্তর্জাতিক থিঙ্কট্যাংক ও রিসোর্স সেন্টার হিসেবে কাজ করছে ইউনূস সেন্টার।
ইউনূস সেন্টারের ফেসবুক পেজে অধ্যাপক ইউনূসের সেখানে পৌঁছানো ও ঊষ্ণ অভ্যর্থনা জানানোর খবর দেওয়া হয়। বেশ কয়েকটি ছবিও দেওয়া হয় সেই পোস্টে। এই পোস্ট অধ্যাপক ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পদকে ভূষিত হন। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পদক দেওয়া হয়। তার সঙ্গে যৌথভাবে পদকটি পায় গ্রামীণ ব্যাংক।
বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ফ্রান্স থেকে এসে ২০২৪ সালের ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। সে সময় তিনি বলেছিলেন, তার ইচ্ছা না থাকলেও অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের চাপে তাকে এই দায়িত্ব নিতে হয়েছে।
এরপর ওই বছরের ২৪ আগস্ট জাতির উদ্দেশে ভাষণে অধ্যাপক ইউনূস বলেছিলেন, ‘আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এ দায়িত্ব গ্রহণ করেছি।’
দায়িত্ব নিয়ে রাষ্ট্রব্যবস্থায় সংস্কারকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেন অধ্যাপক ইউনূস। সেই সঙ্গে নির্বাচনের প্রস্তুতিও নিতে থাকে অন্তর্বর্তী সরকার। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বচনে দুই–তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বের অবসান ঘটে।
প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠেছিলেন অধ্যাপক ইউনূস। এখনো সেখানেই রয়েছেন। ফেসবুক পোস্টে জানানো হয়, চলতি মাসের শেষ দিকে যমুনা ছেড়ে ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরবেন অধ্যাপক ইউনূস।

