ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে সমর্থন না জানিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্ট।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া পদত্যাগপত্রে তিনি যুদ্ধের তীব্র সমালোচনা করেন এবং এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
পদত্যাগপত্রে কেন্ট লিখেছেন, তিনি এই যুদ্ধ কোনোভাবেই সমর্থন করতে পারছেন না। তার মতে, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক বা সরাসরি হুমকি ছিল না। বরং ইসরায়েল ও তাদের প্রভাবশালী লবির চাপেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে বলে তিনি মনে করেন।
কেন্ট বলেন, “ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি এখন স্পষ্ট যে, ইসরায়েল ও তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপের কারণেই আমরা এই যুদ্ধ শুরু করেছি।”
তিনি আরও উল্লেখ করেন, নিজের যুদ্ধ অভিজ্ঞতা ও ব্যক্তিগত জীবনের গভীর ক্ষতির (স্ত্রী বিয়োগ) প্রেক্ষাপটে বিবেকের তাড়না থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
কেন্ট বলেন, “আমি পরবর্তী প্রজন্মকে এমন একটি যুদ্ধে লড়াই করতে এবং মরতে পাঠানো সমর্থন করতে পারি না, যা আমেরিকান জনগণের কোনো উপকারে আসে না—এমনকি প্রাণের বিনিময়েও যাকে ন্যায়সঙ্গত বলা যায় না।”
তার এই পদত্যাগ ও মন্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি ও ইরান যুদ্ধ নিয়ে বিতর্ককে আরও তীব্র করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি

