ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেষ্টারের মধ্যকার সরাসরি ফ্লাইট ফেব্রুয়ারি থেকে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, হজ ফ্লাইট পরিচালনাসহ আরো কয়েকটি কারণে এই ফ্লাইট স্থগিত করা হয়েছে।
রোববার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে কবে নাগাদ আবার ম্যানচেস্টার ফ্লাইট চালু করা হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
২০১৯ সালের অক্টোবরে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু হয়। একমাত্র বিমানই এই রুটে সরাসরি ফ্লাইট চালায়।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এই ফ্লাইট বন্ধের গুঞ্জনে যুক্তরাজ্যে বিক্ষোভ দেখায় প্রবাসী বাংলাদেশীরা।
রোববার বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ্ব কার্যক্রম পরিচালনা, উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিতে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা ফ্লাইট ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে।”
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইট যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকেট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিমানের পক্ষ থেকে।

